টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি এখনো ধুঁকছে।
গত মার্চে প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হারের পর শুক্রবারই প্রথম মাঠে নেমেছিল ‘অ্যাজুরি’রা। নেশনস লিগের এই ম্যাচে ঘরের মাঠে বিশ্বকাপ কোয়ার্টার-ফাইনালিস্ট বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরে গেছে ইতালি।
সৌদি আরবের কোচের চাকরি ছেড়ে তিন বছর পর আবারও ইতালির ডাগআউটে ফিরেছেন কোচ রবার্তো মানচিনি। তবে প্রত্যাবর্তনের ম্যাচে টাচলাইনে তাকে বেশ হতাশই দেখাচ্ছিল।
অন্যদিকে, বেলজিয়ামের নতুন কোচ মার্ক ফন বোমেলের অভিষেকটা হলো দারুণ সফল। বিশ্বকাপের পর রুডি গার্সিয়া দায়িত্ব ছাড়লে সাবেক এই ডাচ ফুটবলারকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৭০ হাজার দর্শক ধারণক্ষমতার স্তাদিও অলিম্পিকোতে এদিন উপস্থিত হয়েছিলেন মাত্র ৪৭,১৫৫ জন দর্শক। ম্যাচের ২০ মিনিটের মাথায় মিকা গডটস নিজের প্রথম আন্তর্জাতিক গোল করে সফরকারীদের এগিয়ে দিলে গ্যালারিতে থাকা স্বাগতিক সমর্থকেরা নিজেদের দলকেই দুয়ো দিতে শুরু করেন। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে বেলজিয়ামের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন দোদি লুকেবাকিও।
নিজের ১২৫তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা কেভিন ডি ব্রুইনা বাঁ প্রান্তে বল বাড়িয়েছিলেন গডটসকে। বেলজিয়াম ফরোয়ার্ড বল পায়ে কাট করে ভেতরে ঢুকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে পরাস্ত করেন।
সম্প্রতি প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেওয়া গডটস ডিফেন্ডার জিয়ানলুকা মানচিনিকে দারুণভাবে বোকা বানান। তার সতীর্থ সেন্টার-ব্যাক দিয়েগো কোপ্পোলা স্লাইড করলেও ততক্ষণে বড্ড দেরি হয়ে যায়।
বসনিয়ার বিপক্ষে হারে লাল কার্ড দেখে নিষিদ্ধ হওয়া আলেসান্দ্রো বাস্তোনির জায়গায় এদিন খেলছিলেন কোপ্পোলা।
সুইজারল্যান্ড ছেড়ে ইতালির হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া মিডফিল্ডার আলেসান্দ্রো রোমানোর একটি বাজে পাস থেকেই বেলজিয়ামের ওই কাউন্টার অ্যাটাক শুরু হয়েছিল।
বেলজিয়ামের দ্বিতীয় গোলটিও এসেছে কাউন্টার অ্যাটাক থেকে। মিডফিল্ডার সান্দ্রো তোনালি মরিয়া হয়ে পেছনে ছুটে তাকে থামানোর চেষ্টা করলেও ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন লুকেবাকিও।
মানচিনির শুরুর একাদশে এমন আটজন খেলোয়াড় ছিলেন, যারা বিশ্বকাপ বাছাইপর্বে নিয়মিত খেলেছেন।
৬১ বছর বয়সী মানচিনির অধীনেই ২০২১ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল ইতালি। কিন্তু ২০২৩ সালের আগস্টে সবাইকে চমকে দিয়ে ইতালির কোচের পদ থেকে পদত্যাগ করেন তিনি এবং এর ঠিক দুই সপ্তাহ পরই সৌদি আরব জাতীয় দলের দায়িত্ব নেন।
ইতালির সামনের পথটাও মোটেও সহজ নয়। আগামী সোমবার তারা তুরস্কে যাবে, এরপর শুক্রবার যাবে ফ্রান্সে। এরপর নেশনস লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে করতে ঘরের মাঠে আবারো তুরস্কের বিপক্ষে খেলবে আজ্জুরিরা।
