ব্রাজিল সমর্থকদের আরও ধৈর্য ধরতে বললেন আনচেলত্তি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতিম্যাচে ১-১ গোলের নাটকীয় ড্রয়ের পর সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ ঢেলে সাজানো এক দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকম এ তথ্য জানিয়েছে। 

শুক্রবার কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়ান উইঙ্গার ইরাকুন্দা বাঁকানো ফ্রি-কিকে দারুণ এক গোল করেন। গোল হজম করে রীতিমতো স্তব্ধ হয়ে যায় দক্ষিণ আমেরিকার পরাশক্তিরা। যদিও প্রথমার্ধের বিরতির আগেই ব্রাজিলের গোলটি ভিএআর (VAR) রিভিউয়ের পর বাতিল করা হয়। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা রায়ানের হেডে নাটকীয় এক ড্র নিয়ে মাঠ ছেড়ে মান বাঁচায় আনচেলত্তির দল।

ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্রাজিল কোচ ড্রয়ের ফলটিকে কোনোভাবেই পিছিয়ে পড়া হিসেবে মানতে রাজি হননি। উল্টো মাঠের বাজে অবস্থার দিকে আঙুল তুলেছেন তিনি, যা তার দলের স্বাভাবিক খেলার ছন্দ নষ্ট করেছে বলে দাবি করেন তিনি।

দলের পারফরম্যান্স মূল্যায়ন এবং ধৈর্যের প্রয়োজনীয়তা নিয়ে আনচেলত্তি বলেন, এটি হারের মতো স্বাদ দিচ্ছে না, কারণ এটি ড্র। আমরা জিততেও পারতাম, আমাদের সুযোগ ছিল। এই মাঠে খেলাটা কঠিন ছিল। আমাদের ধৈর্য ধরতে হবে। গোল হজম করার পর আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি এবং একটি যোগ্য ড্র আদায় করে নিয়েছি। এগুলো মূলত পরীক্ষা, আমরা সুযোগ দিচ্ছি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটি একটি পরীক্ষা ছিল। পরের ম্যাচটিও আরেকটি পরীক্ষা হবে।

আনচেলত্তি আবারও মনে করিয়ে দিয়েছেন যে, প্রতিযোগিতামূলক ফুটবল শুরুর আগে এই প্রীতি ম্যাচগুলোকে তিনি একটি নিরীক্ষার সুযোগ হিসেবেই দেখছেন। যেখানে তাৎক্ষণিক ফলাফলের চেয়ে খেলোয়াড়দের উন্নতিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

দলের আক্রমণের ধার নিয়ে ওঠা প্রশ্নের জবাবে কোচ বলেন, এটি কোনো নতুন চক্রের শুরু নয়, বরং এটি একটি ধারাবাহিকতা। আমাদের অগ্রাধিকার হলো যারা কম সুযোগ পায় তাদের, বিশেষ করে এনদ্রিক ও এস্তেভাওয়ের মতো সম্ভাবনাময় তরুণদের বেশি সময় খেলার সুযোগ দেওয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অল্প কিছু পরিবর্তন হতে পারে, খুব বেশি নয়। অন্যদের খেলার সুযোগ দিতে আমরা রোটেশন পদ্ধতিতে এগোচ্ছি।

আগামী মঙ্গলবার ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে আবারও মুখোমুখি হবে দুই দল। টাউনসভিলে ঐতিহাসিক এক জয়ের সুযোগ হাতছাড়া করার পর এবার কাজটা ঠিকঠাক শেষ করতে চাইবে অস্ট্রেলিয়া। এরপর ৩ অক্টোবর, শনিবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের আন্তর্জাতিক সফর শেষ করবে আনচেলত্তির দল।

সূত্র: গোলডটকম

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন