বাদী-আসামি দুজনই জেলে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ এএম

পটুয়াখালীর বাউফলে মাদক নিয়ে বিরোধের জেরে ছিনতাইয়ের অভিযোগের ঘটনায় বাদী ও আসামি দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের পটুয়াখালী আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছিনতাইয়ের অভিযোগকারী মিজান (৩৫) ও অভিযুক্ত সাইমুন (৩২)। শনিবার (২৬ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।

বাউফল থানা সূত্রে জানা গেছে, সাইমুনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করেন মিজান। অভিযোগের ভিত্তিতে পুলিশ সাইমুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ছিনতাইয়ের অভিযোগের আড়ালে ইয়াবা নিয়ে বিরোধের তথ্য বেরিয়ে আসে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মিজান ১০০ পিস ইয়াবা কিনে আনেন। এর মধ্যে ৫০ পিস একজনকে দেওয়ার পর বাকি ৫০ পিস নিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাকে আটকে ইয়াবাগুলো নিয়ে যান। পরে তারা নিজেদের মধ্যে ইয়াবা ভাগ করে নেন। এর মধ্যে সাইমুন ছয় পিস ইয়াবা পেয়েছেন বলে পুলিশকে জানান। পরে তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, মিজান সোনার চেইন বন্ধক রেখে টাকা সংগ্রহ করে ইয়াবা কিনেছিলেন। ওই ইয়াবা ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি আড়াল করতে মিজান ছিনতাইয়ের নাটক সাজিয়ে থানায় অভিযোগ করেন বলে পুলিশের দাবি।

এ ঘটনায় মাদক পরিবহন ও সংশ্লিষ্টতার অভিযোগে মিজান ও সাইমুনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের পটুয়াখালী আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলে ইয়াবা নিয়ে বিরোধের তথ্য পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন