ওসমানী বিমানবন্দরের সেই আনসার সদস্যকে অপসারণ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ এএম

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে থাকা পাখি তাড়াতে গুলি ছোড়ার ঘটনায় এক আনসার সদস্যকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। ওই সদস্যের ছোড়া গুলিতে বিমানবন্দরের এক পরিচ্ছন্নতাকর্মী আহত হওয়ার পর কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়ানোর জন্য গুলি ছোড়েন আনসার সদস্য মো. মোজাম্মেল হক। এ সময় ছোড়া গুলিতে বিমানবন্দরের পরিচ্ছন্নতাকর্মী রুবেল মিয়া আহত হন। গুলিটি তার কোমরে লাগে। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর সিলেট জেলা কমান্ড্যান্ট এবং সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়ার পর সংশ্লিষ্ট আনসার সদস্য মো. মোজাম্মেল হককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনায় জড়িত আনসার সদস্যের বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দায়িত্ব পালনের সময় নিরাপত্তা বিধি ও সতর্কতামূলক ব্যবস্থা যথাযথভাবে অনুসরণের বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে নিশ্চিত করা হবে।’

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীর গায়ে গুলি লাগার ঘটনাটি কোনোভাবেই ইচ্ছাকৃত ছিল না। পাখি তাড়ানোর সময় দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে। তিনি সম্পূর্ণ আশঙ্কামুক্ত রয়েছেন।’

এর আগে, শনিবার সিলেট বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে পরিচ্ছন্নতাকর্মী আহত হওয়ার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। ‘রানওয়েতে থাকা পাখি তাড়াতে আনসার সদস্যের গুলি, লাগল পরিচ্ছন্নকর্মীর কোমরে’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনের পর বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হলো।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন