চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

জামালপুরে একটি চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগ নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত সোহাগ জামালপুর সদর উপজেলার ১৫ নম্বর রশিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ওই ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, রিমান্ডে থাকা মোটরসাইকেল চোরচক্রের সদস্য ফারুক, রাজ্জাক ও সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার রশিদপুর পাকুল্লা এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরচক্রের সদস্যরা জানান, সোহাগ চুরি হওয়া মোটরসাইকেল বিক্রির মূল দায়িত্বে ছিলেন। 

ডিবির ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত এবং একটি চোরচক্র পরিচালনা করে আসছিলেন। পরে শনিবার রাতেই তার বিক্রি করা একটি চোরাই মোটরসাইকেল রশিদপুর বাজার এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

ওসি শাহীনুর ইসলাম তালুকদার জানান, গ্রেপ্তারকৃত সোহাগকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মোটরসাইকেল চুরি প্রতিরোধ ও অপরাধীদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন