চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজশাহীর গোদাগাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক মো. নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
দর্শনা-জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তুহিন মিয়া বলেন, ‘মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার জন্য নাসিমুল ইসলাম দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। তার পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় আইনি জটিলতার তথ্য পাওয়া যায়। পরে গোদাগাড়ী থানায় খোঁজ নিয়ে তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।’
দর্শনা থানার ওসি (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, ‘গোদাগাড়ী থানায় মামলা থাকার কারণে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা আছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। নাসিমুল ইসলামকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
