বৈষম্যমুক্ত সমাজ গঠনে আমাদের আন্দোলন চলবে: এমপি মাসুদ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বৈষম্যমুক্ত সমাজ গঠনে আমাদের আন্দোলন চলবে। আমরা সমাজে কোনো বৈষম্য মেনে নেব না। 

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাউফল উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মাসুদ বলেন, ‘আজ যেসব ক্ষতিগ্রস্ত পরিবার ঢেউটিন ও আর্থিক সহায়তা পেয়েছে তারা কে কোন দল করে কিংবা কে কোন ধর্মের, সেটি বিবেচনা করা হয়নি। বিবেচনা করা হয়েছে তারা সবাই এ সমাজের বাসিন্দা ও রাষ্ট্রের নাগরিক। রাষ্ট্রের দায়িত্ব হলো কোনো নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তার পাশে দাঁড়ানো।’

তিনি আরও বলেন, ‘দলীয়করণ রাষ্ট্রের দায়িত্ব নয়। মানুষের প্রয়োজনের সময় মানবিক সহায়তা সমানভাবে বণ্টন নিশ্চিত করায় আমরা বিশ্বাসী।’

তিনি আরও বলেন, ‘যেকোনো দুর্যোগ ও বিপদে এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। বাউফলের কোনো মানুষ যেন অসহায়ত্ব ও কষ্টে দিন না কাটায়, সে জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতেও তাদের কল্যাণ ও পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ করা ঢেউটিন ও নগদ অর্থ ড. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়।

এসময় বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন