বাবাকে ছুরিকাঘাতে হত্যার ২ দিন পর থানায় ছেলের আত্মসমর্পণ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ এএম

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার দুই দিন পর থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হাসানুর রহমান (২২)। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পীরগাছা থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেন।

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকায় ছুরিকাঘাতে নিহত হন হাসানুরের বাবা মাহাবুর রহমান ওরফে মহুবার (৫৫)। ঘটনার পর থেকে হাসানুর রহমান পলাতক ছিলেন।

নিহত মাহাবুর রহমান ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে হাসানুর রহমান বিয়ে করেন। তবে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। শুক্রবার সকালে তার শাশুড়িসহ কয়েকজন তাদের বাড়িতে আসেন। এ সময় হাসানুর তার শাশুড়িকে বসতে ও খেতে না বলায় পরিবারের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে হাসানুরের বাবা মাহাবুর রহমান ছেলেকে তার শাশুড়ির সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে এবং তাদের সঙ্গে খাবার খেতে বলেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাহাবুর রাগের মাথায় ছেলেকে থাপ্পড় দেন। এতে ক্ষুব্ধ হয়ে হাসানুর পাশে থাকা একটি ছুরি দিয়ে বাবার বুকে আঘাত করেন।

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই জ্ঞান হারান মাহাবুর রহমান। পরে স্বজনরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পীরগাছা থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে হাসানুর রহমানকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছিল। এরই মধ্যে রোববার সন্ধ্যায় তিনি থানায় এসে আত্মসমর্পণ করেন। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন