পেকুয়ার চাঞ্চল্যকর ইউসুফ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ এএম

কক্সবাজারের পেকুয়ায় চাঞ্চল্যকর বৃদ্ধ ইউসুফ আলী (৬৭), প্রকাশ মুন্সি মিয়া, হত্যা মামলার প্রধান আসামি আকাশ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে কুতুবদিয়া উপজেলার লেমশেখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) রিদুয়ানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, লেমশেখালী এলাকায় ওসমানীনের বাড়িতে অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আকাশ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ইউসুফ আলী হত্যা মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামির মধ্যে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তিনজনকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ কুতুবদিয়ার লেমশেখালী এলাকা থেকে মামলার প্রধান আসামি আকাশ মিয়াকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন