প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, এখন থেকে আর ব্রেইন ড্রেইন নয়, আমরা চাই ব্রেইন ইন।
স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়া বিএনপি ও বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে নির্বাচনী ইশতেহারের আলোকেই ইতোমধ্যে দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক সংস্কারের কাজ পূর্ণোদমে শুরু হয়েছে। ইতোমধ্যে কনসিসটেন্ট পলিসি এন্ড ডিরেগ্যুলেশনসহ অনুকূল বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
তিনি জানান, সরকারের এই নতুন যাত্রায় অন্যতম প্রধান অগ্রাধিকার দেওয়া হয়েছে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করাকে।
এরই ধারাবাহিকতায়, মালয়েশিয়ার বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী, সফল উদ্যোক্তা ও নতুন বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের উদাত্ত আহ্বান জানান এই উপদেষ্টা।
তিনি বলেন, মালয়েশিয়াভিত্তিক শক্তিশালী বাংলাদেশি ব্যবসায়ী সমাজ ও তরুণ উদ্যোক্তাদের এই নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডে শরিক হয়ে বাংলাদেশে তাদের বিনিয়োগ সম্প্রসারণে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
ইসমাইল জবিউল্লাহ বলেন, মালয়েশিয়ায় প্রায় ১৫ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাদের মধ্যে যেমন অদক্ষ শ্রমিক রয়েছেন, তেমনি রয়েছেন শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ, চিকিৎসক, উদ্যোক্তা, ব্যবসায়ী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও প্রকৌশলী। তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষকরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ প্রবাসীদের বাংলাদেশে ফেরত এসে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
প্রবাসীদের জন্য পৃথক আবাসন ও বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, সিলেট থেকে এ কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি আধুনিক, দক্ষ ও জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে প্রবাসীদের বিনিয়োগ সহজতর করা এবং তরুণদের জন্য নিজ দেশেই বিশ্বমানের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করা হবে।
সভায় মালয়েশিয়া অবস্থানরত একাডেমিয়া, গবেষক, প্রযুক্তিবিদ, নারী উদ্যোক্তাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
তারা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান, কর্মপরিবেশ, পাসপোর্ট ও অন্যান্য কনস্যুলার সেবা সহজীকরণ এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মতবিনিময় সভায় মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনার জনাব মঞ্জুরুল করিম খান চৌধুরী, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিয়ার বাদলুর রহমান বাদল, সিনিয়র সহ-সভাপতি জনাব মাহবুব আলম শাহ, সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন, সব অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, শিক্ষাবিদ, ছাত্র প্রতিনিধি প্রমুখ বক্তব্য রাখেন।
এ ছাড়া দূতাবাসের কর্মকর্তারা, মালয়েশিয়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
