বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তামজিদ হাসান বাঁধন (২২) নামে সরকারি আজিজুল হক কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের স্টেশন রোডের পুরান বগুড়া ওয়াপদা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামজিদ হাসান বাঁধন সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহরের সুত্রাপুর এলাকার পালপাড়া গ্রামের জাহিরুল ইসলামের ছেলে।
জানা গেছে, রোববার বিকেলে কলেজের নিজ বিভাগে এসে তৃতীয় বর্ষের ফরম পূরণ করেন বাঁধন। পরে সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে স্টেশন রোড দিয়ে যাওয়ার সময় পুরান বগুড়া ওয়াপদা গেট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাঁধন ছিটকে রাস্তার ডিভাইডারের ওপর পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়দের মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তামজিদের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী, শিক্ষক ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
