মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে রাতভর সংঘর্ষ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকের কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গভীর রাতে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে বাকলিয়া থানার অ্যাক্সেস রোড সংলগ্ন সৈয়দশাহ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১১টার দিকে হঠাৎ দুই পক্ষের লোকজন পরস্পরের ওপর হামলা শুরু করে। তাদের হাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ছিল। কিছুক্ষণ পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এ সময় একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

এর মধ্যেই এলাকায় কয়েকটি বিকট শব্দ শোনা যায়। স্থানীয় সূত্র জানিয়েছে, এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। তবে গুলির ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত ১টা পর্যন্ত এলাকায় পুলিশের তৎপরতা অব্যাহত ছিল। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম কালবেলাকে বলেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তবে সংঘর্ষে গোলাগুলির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন