অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করলেও দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরেছে ব্রাজিল। ব্রিসবেনে আজ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ৪-২ গোলে হারিয়েছে স্বাগতিকদের। তবে এমন জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে। ম্যাচের প্রথমার্ধ শেষেই যে চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে রাফিনহাকে। ডান উরুর পেশিতে অস্বস্তি অনুভব করায় সতর্কতামূলকভাবে তাকে তুলে নেওয়া হয়।
ফলে বার্সেলোনায়ও এখন শুরু হয়েছে দুশ্চিন্তা। কেননা, চলতি মৌসুমের শুরু থেকেই উড়ছে স্প্যানিশ ক্লাবটি। যার পেছনে বড় ভূমিকা রাখছেন কাতালানদের এই ব্রাজিলিয়ান তারকা। যে কারণে হ্যান্সি ফ্লিকের কপালে চিন্তার ভাঁজ পড়াটাও স্বাভাবিক।
ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোলও করেন রাফিনহা। কিন্তু বিরতির পর আর মাঠে ফেরেননি তিনি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, উরুর পেশিতে অস্বস্তির কারণেই তাকে তুলে নেওয়া হয়েছিল।
রাফিনহার জন্য ঘটনাটি কিছুটা উদ্বেগের হলেও এখনই বড় ধরনের চোটের কথা বলা হয়নি। ম্যাচ শেষে পাওয়া তথ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার পরই তার চোটের প্রকৃতি ও মাঠের বাইরে থাকার সময় সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
বার্সেলোনার জন্য রাফিনহার চোটের খবর বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্রাজিলিয়ান এরই মধ্যে আট প্রতিযোগিতামূলক ম্যাচে ১৪ গোল করেছেন।
এর আগে আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও রাফিনহা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। টাউনসভিলে ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচে তার নেওয়া কর্নার থেকেই যোগ করা সময়ে গোল করেছিলেন রায়ান।
