‘রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ২ কোটি টাকা অনুদান দেবে বিএনপি: জনাব তারেক রহমান’ শিরোনামে এডিটেড ফটোকার্ড প্রচার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

সম্প্রতি, ‘রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ২ কোটি টাকা অনুদান দেবে বিএনপি: জনাব তারেক রহমান’ শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম সময় টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

তবে অনুসন্ধানে জানা যায়, ‘রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ২ কোটি টাকা অনুদান দেবে বিএনপি: জনাব তারেক রহমান’ শিরোনামে সময় টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও এমন কোনো ঘোষণা দেননি।

প্রকৃতপক্ষে, সময় টিভির ভিন্ন একটি ফটোকার্ড কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহযোগিতায় এডিট বা সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

বিস্তারিত

শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এটিতে সময় টিভির লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ‘২৪ সেপ্টেম্বর ২০২৪’ উল্লেখ থাকতে দেখা যায়। এই সূত্রগুলো ধরে অনুসন্ধানে সময় টিভির ফেসবুক পেজে এসংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি সময় টিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

তবে, সময় টিভির ফেসবুক পেজে গত ২৮ সেপ্টেম্বর ‘রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান দেবে জামায়াত: শফিকুর রহমান’ তথ্যে বা শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের ডিজাইন এবং শিরোনামের অধিকাংশের সাথে আলোচিত ফটোকার্ড মিল রয়েছে।অর্থাৎ, সময় টিভির এই ফটোকার্ডটি এডিট বা সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, তারেক রহমানকে নিয়ে প্রচারিত ফটোকার্ডটি গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জেমিনির মাধ্যমে যাচাই করে দেখা যায়, ফটোকার্ডটি এআই দিয়ে তৈরি বা এডিট করা হয়েছে।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন