সম্প্রতি, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ড. শফিকুর রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ড. শফিকুর রহমানকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনাকে তাড়িয়ে আমরা বড় ভুল করেছি। আজ সেটা অকপটে স্বীকার করছি। সময়ের বাস্তবতায় বুঝতে পারছি বিএনপির চেয়ে আওয়ামী লীগই অনেক ভালো ছিল। আপনাকে সরিয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটাই আজ আমার কাছে সবচেয়ে বড় ভুল বলে মনে হচ্ছে। সেই ভুলের জন্য আপনার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
তবে জামায়াত আমিরের এই বক্তব্যটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে।
বিস্তারিত
জামায়াতের আমির ড. শফিকুর রহমান এমন কোনো মন্তব্য প্রকাশ্যে করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, অনুসন্ধানে এমন মন্তব্য করার সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
এমনকি জামায়াত আমিরের ফেসবুক পেজ কিংবা দলের ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, ড. শফিকুর রহমানের ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ নামক ইউটিউব চ্যানেল থেকে গত বছরের ২৪ জুন প্রচারিত একটি টকশো পাওয়া যায়। উক্ত টকশোতে ড. শফিকুর রহমানের পোশাক, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা ড. শফিকুর রহমানের পোশাক ও ব্যাকগ্রাউন্ডের মিল রয়েছে।
তবে, ৪৬ মিনিট ৫৬ সেকেন্ডের টকশোর কোথাও আলোচিত বক্তব্যটি ড. শফিকুর রহমানকে দিতে শোনা যায়নি।
এরপর, আলোচিত ভিডিওতে থাকা বক্তব্যটির অডিওটি যাচাই করা হয়েছে। একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, অডিওটি ৯৮ শতাংশের উপরে এআই শনাক্ত হয়েছে।
অতএব, শেখ হাসিনাকে তাড়িয়ে ভুল করেছি, আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি বলে জামায়াত আমিরের বক্তব্যটি বাস্তব নয়, এআই দিয়ে তৈরি।
