রোস্টন চেজের বল মিড উইকেটের দিকে ঠেলে সিঙ্গেল নিলেন রোহিত শর্মা। রানটি নিয়ে কোনো উদযাপন করতে দেখা গেল না তাকে, তখন তার ব্যক্তিগত রান ৭৩। উদযাপন করার মতো কিছু নয়। কিন্তু ১৬তম ওভারের পঞ্চম বলে ওই রান নিয়েই অনন্য এক মাইলফলকে নাম লিখলেন ভারতের ওপেনার।
ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে ১২ হাজার ওয়ানডে রানের মালিক হলেন রোহিত। এই মাইলফলক ছুঁতে তিনি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন। ২৮২ ইনিংস খেলে ১২ হাজারের ক্লাবে এই ব্যাটার। শচীনের (৩০০) চেয়ে ১৮টি ইনিংস কম খেলে দ্বিতীয় দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে তিনি। ২৪২ ইনিংসে ১২ হাজার রান করে সবার উপরে বিরাট কোহলি।
দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ ৪০৫ রানের রেকর্ড সংগ্রহ করেছে। তবে ভারত কোনো উইকেট না হারিয়ে দেড়শ পার করেছে। ৩২ বলে ফিফটি করেছেন রোহিত। আরেক ওপেনার শুবমান গিল তার চেয়ে চারটি বল বেশি খেলে পঞ্চাশ ছোঁন।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ছক্কা মেরে আরেকটি কীর্তি গড়েছেন রোহিত। প্রথম ক্রিকেটার হিসেবে একটি দেশে দুইশ ওয়ানডে ছক্কা হাঁকালেন তিনি। ওয়েস্ট ইন্ডিজে ১৪৭ ছয় মেরে ক্রিস গেইল দ্বিতীয় ও নিউজিল্যান্ডে ১৩২ ছক্কা হাঁকিয়ে তৃতীয় মার্টিন গাপ্টিল।
