ইতোমধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন লিওনেল মেসি। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মহাতারকা। লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সি কে পরবেন; এখন সেটিই আলবিসেলেস্তেদের সামনে বড় প্রশ্নগুলোর একটি।
মেসির পর ঐতিহাসিক ১০ নম্বর জার্সির দায়িত্ব কাকে দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কোচ লিওনেল স্কালোনি। বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘পরে আমরা দেখব কাকে এটি দেওয়া যায়। আমাদের একজনের এটি আনন্দ নিয়েই পরার সুযোগ পাওয়া উচিত।’
এদিকে ১০ নম্বর জার্সির উত্তরসূরি নিয়ে আর্জেন্টিনায় শুরু হয়েছে আলোচনা। বিষয়টি নিয়ে দেশটির বিখ্যাত গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস একটি অনলাইন জরিপ আয়োজন করে। সেখানে প্রায় ২৫ হাজার ভোটার জানিয়েছেন, মেসির পর তারা কাকে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে দেখতে চান।
জরিপে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন তরুণ মিডফিল্ডার নিকোলাস পাজ। মোট ভোটের ৫১.৪১ শতাংশ পেয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন এনজো ফার্নান্দেজ, যার পক্ষে পড়েছে ১৫.০৩ শতাংশ ভোট।
চমকপ্রদভাবে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে ‘কেউ নয়, ১০ নম্বর জার্সি অবসর দেওয়া হোক’- এই বিকল্পটি। এই মতের পক্ষে ছিলেন ১১.৮৬ শতাংশ ভোটার।
জরিপের ফলাফল
নিকোলাস পাজ – ৫১.৪১%
এনজো ফার্নান্দেজ – ১৫.০৩%
কেউ নয়, ১০ নম্বর জার্সি খালি রাখা হোক – ১১.৮৬%
অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার – ৭.৫১%
লাওতারো মার্তিনেজ – ৪.৩৫%
অন্যান্য – ৪.৩৫%
ফ্রাঙ্কো মাস্তান্তুোনো – ২.৯৩%
থিয়াগো আলমাদা – ২.৫৮%
মোট ভোট: ২৫,২৯৩
তথ্যসূত্র : টিওয়াইসি স্পোর্টস
