শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ, মোবাইলে ‘লাইভ’ দেখবেন যেভাবে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ অক্টোবর ২০২৬, ০৭:৩১ এএম

টুর্নামেন্ট থেকে বিদায় আগেই নিশ্চিত হয়েছে। এবার শেষ ম্যাচে বড় মঞ্চে নিজেদের সামর্থ্য দেখানোর পালা বাংলাদেশের। আজ বৃহস্পতিবার ফিফা আসিয়ান কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। জাকার্তার গেলারো বুং কার্নো স্টেডিয়ামে প্রায় ৭০ হাজার দর্শকের সামনে কঠিন পরীক্ষায় নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার ম্যাচটি বাংলাদেশে টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার হবে। পাশাপাশি টফি অ্যাপেও মোবাইল ফোনে সরাসরি দেখা যাবে ম্যাচটি।

প্রথম দুই ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ এবং সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে গ্রুপপর্ব থেকেই ছিটকে গেছে বাংলাদেশ। তবে সিঙ্গাপুরের বিপক্ষে দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ ছিল। সেই ধারাবাহিকতা ধরে রেখে ইন্দোনেশিয়ার বিপক্ষে ইতিবাচক পারফরম্যান্স দিয়েই টুর্নামেন্ট শেষ করতে চায় বাংলাদেশ।

ইন্দোনেশিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। ম্যাচের আগে তিনি বলেন, ‘ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। আশা করি ভালো পারফরম্যান্স করতে পারবো এবং ভালো একটি ম্যাচ খেলতে পারবো। আমরা সমর্থকদের ভালো একটি পারফরম্যান্স উপহার দিতে চাই।’

তবে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে স্বাগতিক দর্শকদের চাপ। প্রায় ৭০ হাজার দর্শকের সামনে মাঠে নামতে হবে জামালদের। সেই চাপ সামলে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চান কোচ থমাস ডুলি। তিনি বলেন, ‘আমাদের শক্তিশালী একটি দল আছে। তবে প্রায় ৭০ হাজার দর্শকের সামনে খেলা বাড়তি চাপ। আমাদের সেই চাপের জবাব দিতে হবে এবং দেশের জন্য লড়াই করতে হবে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন