এস্তেভাও-পেদ্রো এগিয়ে রাখলেন ব্রাজিলকে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ অক্টোবর ২০২৬, ০৪:১২ এএম

দক্ষিণ এশিয়ার মাটিতে ঐতিহাসিক ম্যাচ। যেখানে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। কলকাতার আইকনিক বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে আছে ব্রাজিল।

তবে খেলা শুরু হয় ঢিমেতালে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঠিক চেনা ছন্দে দেখা যায়নি ম্যাচের প্রথমার্ধে। আক্রমণগুলোতেও তেমন জোর ছিল না কার্লো আনচেলত্তির শিষ্যদের। ফলে ম্যাচের প্রথম ২৭ মিনিটে কোন গোলের দেখা পায়নি সফরকারী দল।

অবশেষে প্রথমার্ধের ২৮ মিনিটে আসে বহুল সেই কাঙ্খিত গোল। এস্তেভাও একাই বল নিয়ে ঢুকে পড়ে বক্সের ডানদিক থেকে জোড়ালো শটে গোল করেন। বল ভারতীয় গোলরক্ষকের হাতে লাগলেও শটের গতির কারণে তিনি সেটা ধরে রাখতে পারেননি।

দ্বিতীয় গোলটিও প্রায় একই ধরনের। ৪২ মিনিটে বক্সের ডানদিক থেকে শট নিয়েছিলেন পেদ্রো। এবার গোলরক্ষকের হাতে লেগে বল ঢুকে যায় জালে। শেষ পর্যন্ত ২ গোলের লিড নিয়েই ম্যাচের প্রথমার্ধ শেষ করে ভিনিসিয়াস-মারকুইনহোরা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন