দরবেশ সেজে ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগ, বৃদ্ধার স্বর্ণালঙ্কার লুটে নিল চক্র

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন এক বৃদ্ধা। অভিনব কায়দায় দরবেশ সেজে ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগের মাধ্যমে তাকে অচেতন করে সাড়ে চার আনা ওজনের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে কেটে পড়েছে চক্রটি।

রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার ঘরতাকিয়ায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বৃদ্ধার নাম হালিমা বেগম (৬০)। তিনি জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা।

হালিমা বেগম জানান, সকালে সিএনজিতে করে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। চালক তাকে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। একই সময়ে মুঠোফোনে অপর এক ব্যক্তির সঙ্গে কথা বলতেও দেখা যায় চালককে। কিছুদূর যাওয়ার পর দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকা থেকে দরবেশের বেশে এক ব্যক্তি ওই সিএনজিতে ওঠেন। তিনি চালকের আগে করা প্রশ্নগুলোর সূত্র ধরে বৃদ্ধার সঙ্গে কথা বলতে থাকেন। একপর্যায়ে ওই ব্যক্তি ‘শয়তানের নিঃশ্বাস লাগানো’ করে একটি পাঁচ টাকার নোট তার নাকের কাছে ধরলে হালিমা বেগম অচেতন হয়ে পড়েন। 

হালিমা বেগম আরও জানান, এরপর তারা আমাকে মহাসড়কের নাহার এগ্রোর সামনে নামিয়ে দিয়ে পালিয়ে যান। জ্ঞান ফেরার পর বুঝতে পারি আমার কানে থাকা সাড়ে ৪ আনা কানের দুলটি নিয়ে গেছেন। যার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। পরবর্তীতে বিষয়টি পরিবারের সদস্যদেরকে জানাই। 

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন