দিনদুপুরে কোটি টাকার অফিসার্স বাংলো দখলের চেষ্টা, অভিযানে উদ্ধার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম

নীলফামারীর সৈয়দপুর শহরের ব্যস্ততম এলাকা রেলওয়ে অফিসার্স কলোনিতে দিনদুপুরে কয়েক কোটি টাকা মূল্যের ঐতিহ্যবাহী ১১০ নম্বর রেলওয়ে অফিসার্স বাংলো ও চত্বর দখলের অপচেষ্টা চালিয়েছে একটি প্রভাবশালী চক্র।

খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সম্পত্তি দখলমুক্ত করেছে রেলওয়ে পূর্ত বিভাগ।

রোববার (৪ অক্টোবর) সকাল থেকে একদল লোক প্রকাশ্যে ওই বাংলোর চারপাশে লাল পতাকা টাঙিয়ে উঁচু টিনের বেড়া নির্মাণ শুরু করেন।

দুপুরে সরেজমিন দেখা যায়, একদল নির্মাণশ্রমিক বাংলোটির চত্বর ঘিরে ফেলছেন। এ সময় উৎসুক জনতার মধ্যে কৌতূহল ও গুঞ্জনের সৃষ্টি হয়। 

নির্মাণকাজে যুক্ত শ্রমিকরা জানান, শহরের কাপুড়িয়া পট্টির ব্যবসায়ী রানার নির্দেশে তারা এই সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছিলেন। রানা তাদের কাছে দাবি করেছেন যে, জমিটি তিনি রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে বৈধভাবে ইজারা নিয়েছেন।

খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে পূর্ত বিভাগের (আইওডব্লিউ) কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সমন্বয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্রমিকদের বসানো টিন, বাঁশসহ যাবতীয় নির্মাণসামগ্রী উচ্ছেদ ও জব্দ করে ট্রাকে তুলে ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ের পূর্ত বিভাগের পরিদর্শক (আইওডাব্লু) শরিফুল ইসলাম জানান, রেলওয়ে অফিসার্স কলোনির ১১০ নম্বর ভবনটি রেলওয়ের কল্যাণ ট্রাস্টের নামে বরাদ্দ রয়েছে। বরাদ্দকৃত জমিতে মার্কেট গড়ে উঠবে। কাজেই ব্যবসায়ী রানা বন্দোবস্ত নেওয়ার যে দাবি করছেন তা মিথ্যা। এ নিয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। জায়গাটি দখলে রাখতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সৈয়দপুরে রেলওয়ে কল্যাণ ট্রাস্টের বরাদ্দ জমিটি ১ একরের বেশি। যা শহরের মধ্যে অবস্থিত, যার মূল্য কয়েক কোটি টাকা। সেই সম্পতি লিজের নামে দখলের পাঁয়তারা চালায় একটি চক্র। এ চক্রটির বিরুদ্ধে ক্ষমতাসীন দলের নাম ভাঙানোর অভিযোগ উঠেছে। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন