মঙ্গলবারে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের শেষ চ্যাপ্টারটি লিখতে চলেছেন লিওনেল মেসি। ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে রেকর্ড ২০৮ ম্যাচ ও ১২৫ গোলের অবিশ্বাস্য স্মারক রেখে বিদায় নিচ্ছেন এই মহাতারকা। তবে বিশ্বচ্যাম্পিয়ন আলবিসেলেস্তেদের ফুটবলে এখন মূল কৌতূহল- মেসির অবসরের পর ঐতিহাসিক ও ভারি ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হচ্ছেন?
১৯৯৪ সালে দিয়েগো ম্যারাডোনার অবসরের পর পাবলো আইমার, আরিয়েল ওরতেগা কিংবা হুয়ান রোমান রিকেলমেরা ১০ নম্বর জার্সি গায়ে চাপিয়েছিলেন। তবে ম্যারাডোনার উত্তরসূরি হওয়ার সেই মানসিক চাপ সামলানো তাদের জন্য সহজ ছিল না। ২০০৫ সালে অভিষেকের পর দীর্ঘ পথচলায় সব চাপ জয় করে নিজেকে এই জার্সির আইকন বানিয়ে ফেলেন মেসি। তার বিদায়ের পর আবারও একই চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা।
তবে মেসির পর লিওনেল স্কালোনির বর্তমান স্কোয়াডে ১০ নম্বর জার্সির সম্ভাব্য দাবিদার চার ফুটবলারকে ভাবা হচ্ছে ।
হুলিয়ান আলভারেজ
কোচ স্কালোনির সবচেয়ে ‘নিরাপদ’ পছন্দ ২৬ বছর বয়সী এই অ্যাতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে মেসির অনুপস্থিতিতে নিয়মিত একাদশে খেলে ৭টি গোলে ভূমিকা রাখেন তিনি। বড় মঞ্চের অভিজ্ঞতাই তার মূল শক্তি।
নিকো পাজ
ইতালির ক্লাব কোমোতে আলো ছড়ানো ২২ বছর বয়সী এই প্লেমেকারকে খেলার শৈলীতে মেসির সবচেয়ে কাছাকাছি ধরা হচ্ছে। কৌশলগত বুদ্ধিমত্তা ও বাঁ পায়ের জাদুতে উজ্জ্বল এই তরুণকে নিয়ে আশাবাদী মেসি নিজেও।
ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো
এরই মধ্যে ম্যারাডোনার রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে ১০ নম্বর জার্সি গায়ে জড়ানোর স্বাদ পেয়েছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। বর্তমানে ফিওরেন্তিনায় ধারে খেলা এই তরুণ আক্রমণভাগে বেশ নির্ভীক।
থিয়াগো আলমাদা
রিভার প্লেটের হয়ে ফর্মে ফেরা ২৫ বছর বয়সী আলমাদাও গত চার বছর ধরে কোচ স্কালোনির আস্থায় রয়েছেন। তবে দৌড়ে কিছুটা পিছিয়ে।
মেসির মতো ‘অনন্য’ ফুটবলারের শূন্যতা এককভাবে পূরণ করা প্রায় অসম্ভব। তাই আলভারেজ, নিকো পাজ ও মাস্তানতুয়ানোর মতো তরুণদের সম্মিলিত আক্রমণের ওপর ভর করেই মেসি-পরবর্তী নতুন যুগে পা রাখতে হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।
সূত্র: গোলডটকম।
