‘সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পিএম

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি।’

রোববার (৪ অক্টোবর) রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম-২ সংসদীয় এলাকার ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

আসন্ন দুর্গাপূজা নিয়ে এমপি সরোয়ার আলমগীর বলেন, এলাকার প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনার জন্য নির্দেশ দেন তিনি।

অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফার ভিত্তিতে সমৃদ্ধি বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এসময় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এমপি বলেন, পাহাড়ি-সমতল কিংবা মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাইকে নিয়েই বাংলাদেশ গড়ে তুলতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব, উসকানি ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব রোটারিয়ান জুয়েল চক্রবর্তী।

বক্তব্য দেন ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, ভুজপুর থানার এসআই মো. মাহবুব, নাজিরহাট হাইওয়ে থানার এসআই মো. আজিজ, বিএনপি নেতা মিহির চক্রবর্তী, ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মিহির দে, অধ্যাপক দয়াল রায়, ফটিকছড়ি থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেবনাথ, পণ্ডিত লিংকন চক্রবর্তী, সুজন মজুমদার।বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, জহির আজম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন, নাছির উদ্দীন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, রুপন ভৌমিক, উজ্জ্বল নাথ, অজিত দে সুজন, মিন্টু নাথ, রক্সি ঘোষ প্রমুখ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন