রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আসকের উদ্বেগ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও কার্যকর তদন্ত করে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

আসকের এক বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণের সময় সাংবাদিকদের ওপর হামলা, তাদের পেশাগত কাজে বাধা এবং পরে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

আসক মনে করে, জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংবাদ সংগ্রহ ও প্রকাশের কাজে বাধা দেওয়া, সাংবাদিকদের ওপর হামলা কিংবা ভয়ভীতি দেখানো শুধু তাদের ব্যক্তিগত নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে না, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য প্রয়োজনীয় পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে।

সংবাদ সংগ্রহ বা কোনো ঘটনার তথ্য প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করেছে আসক।

সংগঠনটি বলেছে, বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ৩১ ও ৩২ অনুচ্ছেদে আইনের আশ্রয় এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোতেও মতপ্রকাশ এবং তথ্য গ্রহণ, অনুসন্ধান ও প্রচারের অধিকার স্বীকৃত। সর্বজনীন মানবাধিকার ঘোষণার ১৯ অনুচ্ছেদ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির (আইসিসিপিআর) ১৯ অনুচ্ছেদে এ অধিকারের সুরক্ষা দেওয়া হয়েছে।

রাবিতে হামলার ঘটনায় নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে আসক। একই সঙ্গে আহত সাংবাদিক ও শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন