কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩টি কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতাকে আটকের দাবি করেছে জেলা পুলিশ। রোববার (৪ অক্টোবর) মধ্যরাত থেকে সোমবার (৫ অক্টোবর) সকাল পর্যন্ত কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান জানান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
কোতোয়ালি থানা এলাকার ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের গ্রেপ্তার ২ সদস্য হলেন তেলিকোনা গোবিন্দ পুকুরপাড় এলাকার জিসান (১৯) এবং আড়াইওড়া সমিতিপাড়া এলাকার সাইফুল ইসলাম (২০)।
চৌদ্দগ্রাম থানা এলাকার ‘১২০৭’ গ্যাংয়ের গ্রেপ্তার দুই সদস্য হলেন নলিশ্বর খিরনশাল এলাকার মো. তারেক হোসেন সৈকত (১৯) এবং কোমারডোগা মধ্যমপাড়া এলাকার মো. জাফর আহমদ (২৩)।
পুলিশ জানিয়েছে, তারেক হোসেন সৈকত কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য।
এ সময় মনোহরগঞ্জ থানা এলাকার ‘পিএক্স ১০’ গ্যাংয়ের সদস্য পোমগাঁও মধ্যপাড়া এলাকার মো. শাকিবকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সংশ্লিষ্ট থানা-পুলিশ নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান আরও বলেন, ‘সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধীর বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর কিশোর অপ্রতিম শাহরিয়ার হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান আরও জোরদার করা হয়। সর্বশেষ ৫ জনসহ এ পর্যন্ত অভিযানে মোট ২ হাজার ৩৪৬ জনকে আটক করা হয়েছে।
পুলিশের হিসাব অনুযায়ী, তাদের ১ হাজার ৪০৯ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযোগে ৬৩৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
