বাসের চেসিসে মিলল ১২০ কেজি গাঁজা, আটক ৩

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ অক্টোবর ২০২৬, ০১:০৭ পিএম

যাত্রীবাহী বাসের চেসিসের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে আনা ১২০ কেজি গাঁজার এক বিশাল চালান জব্দ করেছে এসআরবি-৬। এ সময় মাদক পরিবহনে জড়িত বাসচালক, হেলপারসহ সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজাগুলো ছয়টি আলাদা কার্টনে রাখা ছিল।

আটক ব্যক্তিরা হলেন- পারভেজ, নূর আমিন ও আমিনুর রহমান। তাদের সবার বাড়ি রংপুর সদর উপজেলায়। আটক আসামিরা চিহ্নিত মাদক কারবারি এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এসআরবি-৬ এর (খুলনা) উপপরিচালক সৈয়দ ফজলুর রহমান জানান, ঢাকার কাঁচপুর থেকে গাঁজার চালান নিয়ে একটি যাত্রীবাহী পরিবহন বাগেরহাটের মোড়েলগঞ্জ হয়ে মোংলার দিকে আসছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিবহনটির ওপর নজরদারি করা হচ্ছিল। পরে ব্রাহ্মণমেঠ এলাকায় পৌঁছালে পরিবহনটি থামানো হয়।

তিনি জানান, চালক, হেলপার ও অপর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে পরিবহনের পেছনের অংশের চেচিসে গাঁজা লুকিয়ে রাখার তথ্য পাওয়া যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ছয়টি কার্টন থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি-৬ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা একই পরিবহনে এর আগেও গাঁজা পরিবহন করা হয়েছে বলে স্বীকার করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করে এই মাদক চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। আটক তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন