জনপ্রিয় জাতীয় দৈনিক ‘কালবেলা’র নাম ও পরিচিতি ব্যবহার করে একটি ভুয়া ওয়েবসাইট চালু করার বিষয়টি সামনে এসেছে। আসল পোর্টালটির আদলে তৈরি এই ভুয়া ওয়েবসাইটটিতে www.kalbelaa.com ডোমেইন ব্যবহার করা হয়েছে, যা হুবহু মূল ওয়েবসাইটের ডিজাইনের মতো উপস্থাপন করে পাঠকদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
মূল কালবেলার ওয়েবসাইটের সঙ্গে এই ভুয়া ওয়েবসাইটের বানানগত পার্থক্য আছে। যেখানে তারা www.kalbelaa.com ডোমেইন ব্যবহার করেছে আর মূল কালবেলার ওয়েবসাইটের ডোমেইনের বানান www.kalbela.com, অতএব দুটি ডোমইনের মধ্যে প্রকৃত কালবেলার সঙ্গে ভুয়া ওয়েবসাইটটির ‘a’ অক্ষরটি বেশি আছে।
অনুসন্ধানে দেখা যায়, কালবেলার মূল লেআউট ও লোগো নকল করে এই পোর্টালে বিভিন্ন সংবাদ প্রকাশ করা হচ্ছে। স্ক্রিনশটের ফুটারে সম্পাদক হিসেবে সন্তোষ শর্মা এবং প্রকাশক হিসেবে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নাম উল্লেখ করা রয়েছে।
কালবেলা মিডিয়া লিমিটেডের নামে তৈরি এই নকল পেজের ফুটারে ঠিকানায় উল্লেখ করা হয়েছে- ‘নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।’
এছাড়া যোগাযোগের জন্য বিভিন্ন ফোন নম্বর, ফ্যাক্স ও ই-মেইল ঠিকানা (যেমন: info@kalbela.com) ব্যবহার করে বিষয়টিকে প্রকৃত ওয়েবসাইট হিসেবে প্রমাণের চেষ্টা দেখা গেছে। প্রতারক চক্রটি হুবহু একই রকম মেনুবার, ক্যাটাগরি (জাতীয়, রাজনীতি, সারাদেশ, বিশ্ব, খেলা, শিক্ষা, বাণিজ্য, বিনোদন ইত্যাদি) ও নিউজ গ্রিড তৈরি করে পাঠকদের কাছে ভুয়া খবর কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই মাধ্যমটি পরিচালনা করছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া এই ভুয়া ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন সংবাদকে কেন্দ্র করে কালবেলার প্রতিনিধিদের হুমকি-ধমকি প্রদানের অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, পাঠক ও শুভানুধ্যায়ীদের এ ধরনের ভুয়া ওয়েবসাইট ও প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য কর্তৃপক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
