পে-স্কেলের গেজেট অনুযায়ী ব্যবস্থা গ্রহণে দপ্তরগুলোয় চিঠি, মিলবে বকেয়া বেতনও

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ এএম

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতাভুক্ত স্ব-শাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জারি করা গেজেট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। 

বুধবার (৭ অক্টোবর) অর্থ বিভাগের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে তথ্যটি জানানো হয়।

অর্থ বিভাগের অফিস আদেশে বলা হয়েছে, সংযুক্তির বর্ণনা অনুযায়ী গেজেটের দুটি কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। গেজেটে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এসব কপি পাঠানো হয়।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অর্থ বিভাগ থেকে এস. আর. ও নং ৩৪৮-আইন/২০২৬-এর গেজেট জারি করা হয়। ওই গেজেটের কপিও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এদিকে গত ১৯ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গত ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন এই পে-স্কেল তিনটি ধাপে পুরোপুরি বাস্তবায়িত হবে। পাশাপাশি চাকরিজীবীরা তাদের বকেয়া বেতনও পাবেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন