ফিফার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন টটেনহ্যাম হটস্পারের সাবেক ডিফেন্ডার র্যামন ভেগা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রথম কোনো প্রতিদ্বন্দ্বী হিসেবে ৫৫ বছর বয়সী এই সাবেক সুইস ফুটবলার নিজের প্রার্থীতা ঘোষণা করলেন।
বিশ্বকাপের স্বত্ব ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি বিতর্কিত পরিকল্পনা (ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ) ব্যর্থ হওয়ার পর ফুটবল বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। উয়েফা, কনকাকাফসহ একাধিক মহাদেশীয় সংস্থা থেকে তার পদত্যাগের দাবি উঠলেও তিনি পদে বহাল থাকার সিদ্ধান্তে অনড় রয়েছেন।
খেলোয়াড়ি জীবন শেষে ২০০৪ সাল থেকে অর্থসংস্থান (ফাইন্যান্স) খাতে কাজ করা ভেগা এক বিবৃতিতে বলেন, বিশ্ব ফুটবল পরিবারকে পুনরায় ঐক্যবদ্ধ করা, প্রকৃত ও স্থায়ী সংস্কার আনা এবং একাবিংশ শতাব্দীর উপযোগী করে ফিফাকে আধুনিকায়ন করার লক্ষ্যে আমি প্রার্থী হয়েছি। আমাদের খেলার যে হারানো আস্থা ও গ্রহণযোগ্যতা জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনা প্রয়োজন, আমি সেটিই পুনরুদ্ধার করতে চাই।
এর আগে ২০১৫ সালে সেপ ব্লাটারের বহিষ্কারের পর এবং ২০১৯ সালেও ফিফা সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তাভাবনা করেছিলেন সাবেক এই সেন্ট্রাল ব্যাক। তবে ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে অন্তত ৫টি দেশের সমর্থন সংগ্রহ করতে না পারায় আগেরবার তিনি চূড়ান্ত ব্যালট পেপারে নাম লেখাতে পারেননি।
সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার সামাজিক যোগাযোগমাধ্যমে ভেগার এই ঘোষণাকে স্বাগত জানিয়ে লিখেছেন, বৈচিত্র্যময় পটভূমির একজন আকর্ষণীয় প্রার্থী। শুভকামনা র্যামন।
নিজের ১১ পৃষ্ঠার নির্বাচনি ইশতেহার প্রকাশ করে ভেগা বলেন, ফুটবল কোনো সভাপতি, কনফেডারেশন বা প্রশাসকদের সম্পত্তি নয়। ফুটবল যেকোনো পদ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের চেয়ে বড়। এটি সাধারণ মানুষের খেলা- খেলোয়াড়, কোচ, রেফারি, সমর্থক, স্বেচ্ছাসেবক এবং ফুটবলকে বাঁচিয়ে রাখা বিশ্বজুড়ে থাকা হাজার কোটি ভক্তদের।
ফিফার বর্তমান সংকটকে ইঙ্গিত করে ভেগা যোগ করেন, ফুটবল এখন আইসিইউতে রয়েছে, একে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমরা আর অপেক্ষা করতে পারি না। ফিফাকে বাঁচাত হলে কেবল ওপর ওপর সাজসজ্জা নয়, বরং আমূল পরিবর্তন ও সাহসী সংস্কার প্রয়োজন।
সূত্র: বিবিসি।
