৩২ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মেসির বিদায়ী ম্যাচ দেখলেন ‘পাগলাটে’ ভক্ত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ পিএম

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ—এমন এক মুহূর্ত সামনে রেখে আর ঘরে বসে থাকতে পারেননি ভারতের কেরালা রাজ্যের ফুটবলপ্রেমী ইয়াদিল ইকবাল। ইয়াদিলের হাতে ম্যাচের টিকিট ছিল না; তবু স্বপ্ন ছিল একটাই—আর্জেন্টিনার হয়ে মেসির বিদায়ি ম্যাচের সাক্ষী হয়ে থাকা।

সেই স্বপ্ন পূরণ করতে ভারতের বেঙ্গালুরু থেকে যুক্তরাজ্যের লন্ডন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক হয়ে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেস পর্যন্ত পাড়ি দিয়েছেন প্রায় ১৫ হাজার কিলোমিটার। সময় লেগেছে ৩২ ঘণ্টা। 
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের টিকিট অনলাইনে ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। টিকিট না পেয়েও হাল ছাড়েননি ইয়াদিল।

শেষ পর্যন্ত একটি মাধ্যমে প্রায় ১ লাখ ভারতীয় রুপি দিয়ে একটি টিকিট জোগাড় করেন তিনি। ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে মনুমেন্তাল স্টেডিয়ামে পৌঁছান মেসির পাঁড় ভক্ত ইয়াদিল। হাতে ছিল একটি ব্যানার। সেখানে রেফারিকে উদ্দেশ্য করে লেখা—‘দয়া করে শেষ বাঁশি বাজাবেন না, আমি এখনো প্রস্তুত নই।’ সেই ব্যানারে আরো ছিল ৩২ ঘণ্টা ও ১৫ হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার কথা। মেসি মাঠে তার সন্তানদের জড়িয়ে ধরার দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ইয়াদিল। খালিজ টাইমসকে তিনি বলেন, ‘তিনি যখন সন্তানদের জড়িয়ে ধরলেন, খুব কষ্ট পেয়েছি। মুহূর্তটি ছিল ভীষণ আবেগের।’

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে ইয়াদিল জানান, স্টেডিয়ামের পঞ্চম সারি থেকে মেসিকে প্রায় ১০ মিটার দূর থেকে দেখেছেন তিনি। তার ভাষায়, ‘এটি জীবনের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে।’ ইয়াদিলের মেসি ভক্তির গল্প অবশ্য নতুন নয়। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সাতটি ম্যাচই মাঠে বসে দেখেছেন তিনি। 

এবার মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচও দেখলেন। ১৫ হাজার কিলোমিটারের সেই যাত্রা তাই শুধু একটি ম্যাচ দেখতে যাওয়া নয়, প্রিয় ফুটবলারের প্রতি এক ভক্তের আবেগের অসাধারণ উদাহরণ হয়ে থাকল।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন