বেনিনের বিপক্ষে শেষ ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের ঐতিহাসিক আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। তার বিদায়ের পর ফাঁকা হওয়া আলবিসেলেস্তাদের ঐতিহাসিক ‘১০ নম্বর’ জার্সিটি কে পাবেন, তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ইতালিয়ান ক্লাব কোমোর স্পোর্টিং ডিরেক্টর কার্লালবের্তো লুদির বিশ্বাস, তরুণ উদীয়মান তারকা নিকো পাজই আর্জেন্টিনা জাতীয় দলের এই আইকনিক জার্সির মূল দাবিদার।
অবশেষে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি তুলে রাখলেন লিওনেল মেসি। মঙ্গলবার রাতে বেনিনের বিপক্ষে ৩-০ ব্যবধানের সহজ জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেললেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।
মাঠ ও মাঠের বাইরে- সবখানেই রাতটি ছিল গভীর আবেগে মোড়ানো। জাতীয় দলের হয়ে মহাতারকার বিদায়লগ্নে চোখের জল ধরে রাখতে পারেননি সতীর্থ ও ভক্তরা। তবে নিজের বিদায়ী ম্যাচটি চেনা রূপেই রাঙিয়ে রেখেছেন আলবিসেলেস্তে অধিনায়ক। ম্যাচের ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আন্তর্জাতিক ফুটবলে নিজের ঝুলিতে যোগ করেন শেষ গোলটি।
মেসির অবসরের ঘোষণার পরপরই আর্জেন্টিনা জুড়ে শুরু হয়েছে তুমুল তর্ক-বিতর্ক। সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এই ভারী ও মর্যাদাপূর্ণ ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, সেই সিদ্ধান্ত এখন আর্জেন্টিনার সামনে।
বেনিনের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে সেই লড়াইয়ে শক্ত অবস্থান তৈরি করেছেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ। নিজের আদর্শ মেসির পাশে খেলে নজরকাড়া পারফরম্যান্সের পাশাপাশি এক অসাধারণ গোল করে জয় সুনিশ্চিত করেন তিনি। তার এমন পারফরম্যান্স সর্বত্র প্রশংসিত হচ্ছে। কোমো স্পোর্টিং ডিরেক্টর লুদির মতে, তার ক্লাবের এই উদীয়মান তারকাই মেসির ঐতিহ্য বহনের জন্য সবচেয়ে যোগ্য।
তরুণ এই প্লে-মেকারের প্রশংসায় মাততে কার্পণ্য করেননি লুদি। কোমোর এই উর্ধ্বতন কর্মকর্তার মতে, এই পজিশনে খেলার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল দক্ষতা ও শীর্ষ মানসিকতার নিখুঁত সংমিশ্রণ রয়েছে পাজের মধ্যে।
স্কাই স্পোর্টস ইতালিকে লুদি বলেন, কঠোর পরিশ্রম এবং মেধা- দুই দিক থেকেই নিকো পাজ বিশ্বমানের। ও জানে যে একজন ফুটবলারকে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হয়। তবে ওই পজিশনটি নিজের করে নেওয়ার মতো সব গুণই ওর মধ্যে আছে। আমি ওর সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
তিনি আরও বলেন, মেসির মতো একজন কিংবদন্তির শূন্যস্থান পূরণ করা প্রায় অসম্ভব এক কাজ। তবে আর্জেন্টিনায় নতুন যুগে দলকে এগিয়ে নেওয়ার মতো একঝাঁক প্রতিভাবান তরুণ আক্রমণাত্মক খেলোয়াড় রয়েছেন। আপাতত পাজের মূল লক্ষ্য কোমোর হয়ে ক্লাব ফুটবলে এই ধারাবাহিকতা বজায় রাখা। আর্জেন্টিনা একাদশে নিজের স্থান স্থায়ী করতে হলে সপ্তাহের পর সপ্তাহ তাকে মাঠের পারফরম্যান্সে এই দ্যুতি ধরে রাখতে হবে।
সূত্র: গোলডটকম।
