সামাজিক নিরাপত্তায় মাদক পাহাড়ের মতো বাধা হয়ে দাঁড়িয়েছে: প্রতিমন্ত্রী হাবিব

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১২:৩০ এএম

সমাজে শান্তি-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তায় সর্বগ্রাসী মাদক পাহাড়ের মতো বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে কখগ ক্লাব ও সোনালী সকাল ক্লাবের যৌথ উদ্যোগে রাজধানীর খিলগাঁও জোড়পুকুর মাঠে আয়োজিত ‘জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি বলেন, ‘আজকের বাস্তবতা হচ্ছে সম্ভাবনাময় তরুণদের একটি বিরাট অংশ মাদকের ফাঁদে পড়ে তাদের ভবিষ্যৎ সম্ভাবনা নষ্ট করছে। এই মাদক শুধু একজন তরুণকেই নয়, বরং পুরো জাতির ভবিষ্যৎ নেতৃত্বকে ক্ষতিগ্রস্ত করছে। সমাজবিরোধী সব কর্মকাণ্ডের মূল কারণ এই মাদক।’ 

আজকের তরুণরাই আগামী দিনে নেতৃত্ব দেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী হাবিব বলেন, ‘জ্ঞান, মেধা, শ্রম ও সৃজনশীলতার সার্থক সমন্বয়ে তরুণরাই একটি দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারে। ইতিহাস সাক্ষী দেয়-১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৮ সালের শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২৪-এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানসহ জাতির প্রতিটি আর্থ-সামাজিক উন্নয়ন ও রূপান্তরে তরুণদের ভূমিকা ছিল অগ্রগণ্য। একটি দেশের সবচেয়ে বড় চালিকাশক্তি তার তরুণ প্রজন্ম।’

মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মনোযোগ ও দলগত কাজ করার মানসিকতা তৈরি করে। ফুটবল এমন একটি খেলা, যেখানে ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দলীয় সমন্বয়, কৌশল ও পারস্পরিক সহযোগিতার অনুশীলন ঘটে। মাঠে প্রতিপক্ষকে সম্মান করতে শেখা একজন খেলোয়াড় সমাজেও ভিন্নমতকে সম্মান করতে শেখে।’

তিনি স্থানীয় পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন বাড়ানোর ওপর জোর দেন, যাতে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সক্ষম এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা যায়।

১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইউনুস মৃধা, মোয়াজ্জেম হোসেন, ইসমাইল তালুকদার খোকন, মাসুদ চৌধুরী, মামুনুর রশিদ আকন্দ, জামিলুর রহমান নয়ন ও এম জামান, অধ্যাপক ওয়াহিদ ইমতিয়াজ বকুলসহ অনেকে।
 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন