অস্ত্রসহ গ্রেপ্তার বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০১:৩১ এএম

রাজধানীর মোহাম্মদপুর থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতা এনামুল হক রবিন ওরফে পিস্তল রবিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর ভোরে আজিজ মহল্লার ব্লক-এফ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-২।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ২টায় মোহাম্মদপুর রিং রোডে স্থানীয় বাসিন্দাদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটির নেপথ্যে রবিনের সহযোগীরা বলে জানিয়েছে একটি সূত্র।

মিছিল থেকে দাবি করা হয়, মোহাম্মদপুর কৃষি মার্কেট দখল ও কমিটি নিয়ে একটি পক্ষ দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। গ্রেপ্তার হওয়া এনামুল হক রবিন পুড়ে যাওয়া কৃষি মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ হয়ে কাজ করায় তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে একটি পক্ষ। সর্বশেষ তারা প্রশাসনের কয়েকজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার সহায়তায় তাকে গ্রেপ্তার করায়।‎

স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম হোসেন বলেন, ‘কৃষি মার্কেট পুড়ে যাওয়ার পর রবিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য কাজ করছিলেন। পুরো মার্কেট দখল করার জন্য একটি পক্ষ দীর্ঘদিন যাবৎ সচেষ্ট ছিলো। এই পক্ষটি ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রশাসনের কিছু দূর্নীতিবাজ কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে তাকে একটি অস্ত্র দিয়ে গ্রেপ্তার করায়। আমরা অতি দ্রুত তার মুক্তি চাই।’

‎তানজীব নামে কৃষি মার্কেটের এক ব্যবসায়ী বলেন, ‘আমাদের মার্কেট দখল করার জন্য একটি পক্ষ দীর্ঘদিন যাবৎ পাঁয়তারা করছিলো। কোনোভাবে তারা মার্কেট দখল করতে না পেরে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সহায়তা নিয়েছে।  রবিন ভাইয়ের হাতে অস্ত্র দিয়ে তাকে গ্রেপ্তার করিয়েছে। আমরা এ মামলার ঘটনায় পুরোপুরি নিরপেক্ষভাবে জুডিশিয়ারির তদন্ত চাই। দ্রুত সময়ের মধ্যে আমরা রবিন ভাইয়ের মুক্তি চাই।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন