সুনামগঞ্জে নিখোঁজ সাবেক সেনাসদস্যের মরদেহ মিলল নেত্রকোনায়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ এএম

সুনামগঞ্জে নিখোঁজের তিন দিন পর ফজলুর রহিম কাজল মিয়া (৫০) নামে এক সাবেক সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর উত্তরপাড়া চৌধুরীবাড়ির পেছনে গোরস্তানের পাশে একটি গাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মগডালে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহত ফজলুর সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের মৃত জবান আলীর ছেলে। তিনি সেনাবাহিনী থেকে অবসরের পর ধর্মপাশার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্রে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোহনগঞ্জের বিরামপুর উত্তরপাড়া চৌধুরীবাড়ির পেছনে গোরস্তানের পাশে একটি গাছের ডালে তার মরদেহ ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। তার গলায় দড়ি লাগানো ছিল। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে লোকজন জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বড় ভাই বুলবুল মাস্টার বলেন, ‘গত বুধবার দুপুর আড়াইটার দিকে সর্বশেষ আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছিল। পরে রাতে থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করি। শুক্রবার সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের ডালে ভাইয়ের মরদেহ দেখতে পাই। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চাই।’

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর ইসলাম হারুন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন