খুলনা নগরীতে প্রকাশ্যে আশিকুজ্জামান জনি নামে এক যুবককে গুলি করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে নগরীর সদর থানাধীন কাশেম সড়কের তৃতীয় গলিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে কাশেম সড়কে ইদ্রিস সাহেবের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ভুক্তভোগী জনি। এ সময় মোটরসাইকেলে করে আসা দুজন ব্যক্তি তাকে দুই রাউন্ড গুলি করে। এতে তার কোমরের নিচে একটি গুলি লাগে। পরে মোটরসাইকেলে আসা দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
