মাঠে কাগজের বিমান ছুঁড়ে সমর্থকদের প্রতিবাদ, পরিত্যক্ত ম্যাচ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১২:৩১ পিএম

ক্লাব সভাপতি রাউল মার্টিন প্রেসা’র ওপর ক্ষোভ জানিয়েছেন রায়ো ভায়েকানোর সমর্থকেরা। এ সময় মাঠে একযোগে কাগজের বিমান ও নানা বস্তু ছুঁড়ে মারে তারা। ফলে লা লিগা কর্তৃপক্ষ রায়ো ভায়েকানো ও অ্যাথলেটিক বিলবাওর মধ্যকার ম্যাচটি স্থগিত ও শেষ পর্যন্ত বাতিল ঘোষণা করেছে। 

এক প্রতিবেদনে গোলডটকম জানিয়েছে, রায়োর সমর্থকেরা দীর্ঘদিন ধরেই সভাপতি প্রেসা’র পদত্যাগ দাবি করে আসছেন। মাদ্রিদের এস্তাদিও দে ভায়েকাসের জরাজীর্ণ ও বেহাল দশার জন্য তারা এই পরিচালককেই মূলত দায়ী করে থাকেন।

স্টেডিয়ামটির অবস্থা এতটাই জরাজীর্ণ ছিল যে সাময়িকভাবে এর লাইসেন্স বাতিল করা হয়। ফলে বাধ্য হয়ে রায়োকে নিজেদের ঘরের মাঠের ম্যাচগুলো খেলতে হয়েছিল মাদ্রিদ সীমান্তবর্তী লেগানেসে। তবে সভাপতি প্রেসার সিদ্ধান্তের প্রতি প্রতিবাদ জানিয়ে ভায়েকাস থেকে মাত্র ১০ কিলোমিটার দূরের লেগানেসে গিয়ে খেলা দেখতে অস্বীকৃতি জানিয়েছিলেন অধিকাংশ রায়ো সমর্থক।

দীর্ঘ ১৪৭ দিন পর শনিবার অবশেষে ঘরের মাঠ ভায়েকাসে ফুটবল ফেরানোর অনুমতি মেলে। কিন্তু সেই খেলাও বেশি সময় স্থায়ী হতে পারেনি। ম্যাচের ১৩তম মিনিটে রায়ো সমর্থকেরা গ্যালারি থেকে মাঠে একের পর এক কাগজের বিমান, বল এবং প্লাস্টিকের চেয়ার ছুঁড়ে মারতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি তখন ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত রাখেন।

গ্যালারিতে সমর্থকেরা যখন একটানা সভাপতি প্রেসাকে গালিগালাজ করছিলেন, তখন স্টেডিয়ামের মাইকে ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া হয়- মাঠে পুনরায় কিছু ছুড়ে মারা হলে ম্যাচটি চূড়ান্তভাবে বাতিল করা হবে। ক্লাব অধিনায়ক অস্কার ভালেন্তিন ও উইঙ্গার ইসি পালাজোন মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে উগ্র সমর্থক গোষ্ঠী ‘বুকানেরোস’দের শান্ত করার চেষ্টা করেন।

তবে খেলা পুনরায় শুরু হওয়ার মাত্র কয়েক সেকেন্ডের মাথায় আবারও একই কাণ্ড ঘটে। পরবর্তীতে পুলিশের সঙ্গে পরামর্শ করে রেফারি আনুষ্ঠানিকভাবে ম্যাচটি বাতিল ঘোষণা করেন। গ্যালারি থেকে রায়ো সমর্থকেরা ‘প্রেসা, দূর হও!’ সহ নানা আপত্তিকর স্লোগান দিতে থাকেন। তবে মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাওর সমর্থকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।

পরিত্যক্ত এই ম্যাচটির বাকি অংশ পুনরায় কবে কিংবা কীভাবে আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি কর্তৃপক্ষ।

সূত্র: গোলডটকম।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন