রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে পথচলা শুরু, গতকাল ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে ৪-১-এ উড়িয়ে দিল ব্রাদার্স ইউনিয়ন, যা ক্লাবটিকে আপাতত গ্রুপসেরার আসনে বসিয়েছে। আরেক ম্যাচে রহমতগঞ্জ ক্লাবকে হারিয়েছে চট্টগ্রাম সিটি এফসি।
জয় পাওয়া দুই দল নিজেদের প্রথম ম্যাচ ড্র করেছিল। দল দুটির সংগ্রহ সমান, ৪ পয়েন্ট করে। গোল গড়ের ভিত্তিতে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে ব্রাদার্স ইউনিয়ন, দ্বিতীয় স্থানে চট্টগ্রাম সিটি এফসি। গ্রুপের বাকি চার দলের সংগ্রহ ১ পয়েন্ট করে। আবাহনী, ফর্টিস, রহমতগঞ্জ ও ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব আছে পরের স্থানগুলোতে।
মুন্সীগঞ্জ শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে লিড নিয়েছিল ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবই। ১৬তম মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড সুলেমান সিল্লার গোলে পাওয়া লিড প্রথমার্ধে ধরেও রেখেছিল ক্লাবটি। বিরতির পর ব্রাদার্স ইউনিয়নের আগ্রাসী ফুটবলের সামনে ভেঙে পড়ে ইয়াংমেন্সের প্রতিরোধ দেয়াল। ঝড়টা ছিল ৫৯ থেকে ৮০ অর্থাৎ ২১ মিনিটের। ব্রাজিলিয়ান থিয়াগো দুনহার পেনাল্টি গোলে ঘুরে দাঁড়ানোর সূচনা। পাকিস্তানি সৈয়দ আলি রেজা ৬৩তম মিনিটে গোপীবাগের ক্লাবটিকে লিড এনে দেন। মোহাম্মদ হালিম ৭৮তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন। ৮০তম মিনিটে ব্রাদার্স ইউনিয়নের চতুর্থ গোল করেন সেই মোহাম্মদ হালিমই।
ম্যাচের আগ্রাসী রূপের চিত্র কিছুটা পরিষ্কার হচ্ছে ব্রাদার্স ইউনিয়নের পরিসংখ্যানে—প্রতিপক্ষের পোস্টে ২২ শট নিয়েছিল ক্লাবটি, যার মধ্যে ১৩টি শট ছিল অন-টার্গেট। বিপরীতে ফকিরেপুল শট নিয়েছিল ৬টি, যার চারটি ছিল অন-টার্গেট।
গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত আরেক ম্যাচের চিত্রনাট্য একই—প্রথমার্ধে এগিয়ে ছিল রহমতগঞ্জ, বিরতির পর তিন গোল করে ম্যাচ জিতে নিয়েছে চট্টগ্রাম সিটি এফসি। ম্যাচের ৩৯তম মিনিটে সাকিব বেপারির গোলে লিড নিয়েছিল পুরান ঢাকার ক্লাবটি। অন্য ম্যাচের মতো ঘুরে দাঁড়ানোর সূচনা পেনাল্টি গোলেই—৫৭তম মিনিটে স্পটকিক থেকে স্কোরলাইন ১-১ করেছেন জাফর ইকবাল। ৬৫তম মিনিটে জাপানের ফরোয়ার্ড কেনতা হারা চট্টগ্রাম সিটি এফসিকে ২-১ গোলের লিড এনে দেন। ৭০তম মিনিটে ম্যাচের ভাগ্য লিখে দেওয়া তৃতীয় গোল করেছেন সেই জাফর ইকবালই।
ম্যাচে বল দখলে রাখার পরিসংখ্যানে রহমতগঞ্জ ৫৭-৪৩ ব্যবধানে এগিয়ে থাকলেও সব দিক থেকে এগিয়ে ছিল চট্টগ্রাম সিটি এফসি। ৭ অন-টার্গেট শট থেকে ৩ গোল করেছে ক্লাবটি।
