মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। প্রবাসীদের হয়রানি বন্ধ ও বিমানবন্দরে সেবা সহজ করতে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে এ তথ্য জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ব্যবস্থাপনা ও অর্থায়নে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রবাসীদের বিমানবন্দরসেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করতে ধারাবাহিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রবাসী করিডোর, প্রবাসী ব্যাংকসহ বিভিন্ন খাতের সেবা উন্নয়নে কাজ করছে সরকার।
তিনি আরও বলেন, প্রবাসীদের সমস্যা ও অভিযোগ শুনতে সপ্তাহে এক দিন সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রবাসীদের নানা সমস্যা প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, পৃথিবী যত দিন থাকবে, সমস্যা তত দিন থাকবে। তবে সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে ধাপে ধাপে প্রবাসীদের সমস্যাগুলো সমাধানের কাজ করছে। বিমানবন্দরে সেবা সহজ করা এবং হয়রানি কমানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।
