ডিভোর্সি নারীর সঙ্গে পরকীয়া, পদ হারালেন জামায়াত নেতা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২২ পিএম

প্রবাসীর ডিভোর্সি স্ত্রীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগে পদ হারিয়েছেন চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা জামায়াতের সভাপতি মো. ইসমাঈল। তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তার স্থলে চান্দগাঁও থানা জামায়াতের সভাপতির দায়িত্ব পেয়েছেন অধ্যাপক জসিম উদ্দিন।

বুধবার (৭ অক্টোবর) তাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম মহানগর জামায়াত। এর আগে জামায়াতের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি সোমবার ইসমাঈলের বিষয়ে প্রতিবেদন জমা দেয়। এতে জামায়াতের নগর শাখার আমির নজরুল ইসলাম ইসমাঈলকে পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন।

নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বলেন, ‘মো. ইসমাঈলকে সরিয়ে জসিম উদ্দিনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলে জেনেছি। বিস্তারিত কিছু আমি বলতে পারব না।’

জানা গেছে, ২০২৩ সালে ডক্টর অ্যাসিস্ট্যান্ট হিসেবে আইএমসিএইচে ইসমাঈলের সুপারিশে চাকরি নেন লোহাগাড়ার কলাউজানের এক নারী। চাকরিতে যোগ দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই ওই নারীর পদোন্নতি হয়। পরে ইসমাঈলের সঙ্গে ওই নারীর বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে।

তার স্বামীর পরিবারের দাবি, এ সম্পর্কের প্রমাণ পাওয়ার পর ২০২৪ সালের ১৮ ডিসেম্বর ওই নারীকে তার স্বামী ডিভোর্স দেন।

অভিযোগ ওঠার পর ইসমাঈলের বিষয়ে তদন্ত করতে চট্টগ্রাম মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ খায়রুল বাশারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষে গত সোমবার তাদের প্রতিবেদন জমা দেয়। এরপর বুধবার ইসমাঈলকে দায়িত্ব থেকে সরিয়ে অধ্যাপক জসিম উদ্দিনকে চান্দগাঁও থানা সভাপতির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় দলটি।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক জসিম উদ্দিন। তিনি জানান, বুধবার তাকে চান্দগাঁও থানার দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তবে কেন মো. ইসমাঈলের পরিবর্তে তাকে দায়িত্ব দেওয়া হলো, তার বিস্তারিত কারণ তিনি জানেন না।

ঘটনার পর থেকে মো. ইসমাঈলের ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন