প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জ্ঞান হারালেন স্ট্রাইকার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ এএম

স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে আন্দোরার গোলরক্ষক জেসুস ওনোর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পান তেনেরিফের স্ট্রাইকার হেসুস মিয়েল। এই ঘটনায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ।

সেগুন্দা ডিভিশনে সোমবার ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিটের ঘটনা এটি। তখন স্কোরলাইন ছিল ২-২। একটি লম্বা বল ক্লিয়ার করতে মাঝমাঠের বৃত্তে চলে আসেন ওনো। এ সময় লাফিয়ে ওঠা ওনোর হাঁটু আঘাত করে মিয়েলের মাথায়। মিয়েল সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এবং একপর্যায়ে জ্ঞান হারান।
এই ঘটনায় ওনোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

চিকিৎসকরা যখন মিয়েলের শুশ্রূষা করছিলেন, তখন দুই দলের খেলোয়াড়রাই উদ্বিগ্ন হয়ে তাকিয়ে ছিলেন; মিয়েলের অনেক সতীর্থকে কাঁদতে দেখা যায়। লাল কার্ড দেখে ওনো মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন, ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে তিনিও মিয়েলের দিকে ফিরে যান।

মিয়েলকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তার জ্ঞান ফিরেছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন