প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ব্রেইন স্টেশন ২৩

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

দৈনিক কালবেলায় গত ১৪ অক্টোবর ‘সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে ব্রেইন স্টেশনের পেনিট্রেশন টেস্ট’ নামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে ব্রেইন স্টেশন ২৩। প্রতিবেদনে যেসব অভিযোগ উত্থাপন লেখা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও একপেশে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। 

সাইবার নিরাপত্তার নামে অনুমতি ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানের সংবেদনশীল ডিজিটাল অবকাঠামোয় প্রবেশ এবং নিরাপত্তা দুর্বলতা শনাক্তের নামে অবৈধভাবে তথ্য সংগ্রহের অভিযোগ সম্পর্কে ব্রেইন স্টেশন দাবি করেছে, তাদের সাইবার নিরাপত্তা বিভাগ ‘সাইবারস্টেশন” গ্রাহকের লিখিত অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠানের সার্ভার, ওয়েব অ্যাপ্লিকেশন বা এপিআই-য়ে সক্রিয় পেনিট্রেশন টেস্টিং পরিচালনা করে না। 

পূর্বনির্ধারিত স্কোপ এবং রুলস অব এনগেজমেন্ট ছাড়াও কোনো পরীক্ষা হয় না। তাদের প্রতিটি পরীক্ষা স্বাক্ষরিত চুক্তি ও প্রযোজ্য আইনের ভিত্তিতে পরিচালিত হয় বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে।

ব্রেইন স্টেশন সরকারি স্পর্শকাতর দপ্তরগুলোর ওয়েবসাইটেও ঢুকেছে কি না- এমন প্রশ্নও ওঠা। একই সঙ্গে অনুমতি না নিয়ে এভাবে অনুপ্রবেশের ফলে যে কোনো প্রতিষ্ঠানের তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করা হতে পারে- এমন শঙ্কার বিষয়ে প্রতিবাদলিপিতে বলা হয়, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক। 

যুক্তি হিসেবে বলা হয়েছে, এসব প্রশ্ন এবং শঙ্কার বিষয়ে প্রতিবেদনে কোনো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নাম, কোনো প্রযুক্তিগত প্রমাণ বা কোনো ফরেনসিক তথ্যও দেওয়া হয়নি।  

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পূর্বানুমতি ছাড়াই তাদের সফটওয়্যার বা ওয়েবভিত্তিক সিস্টেমে নিরাপত্তা পরীক্ষা চালানো এবং চিহ্নিত দুর্বলতা প্রতিষ্ঠানগুলোকে অবহিত করে বাণিজ্যিক পেনিট্রেশন টেস্টিং সেবা গ্রহণের প্রস্তাব দেওয়া আর এই সেবা গ্রহণে আগ্রহী না হলে তার নিরাপত্তা দুর্বলতা প্রকাশ্যে তুলে ধরা প্রসঙ্গে ব্রেইন স্টেশনের দাবি, সেবা গ্রহণের বিনিময়ে তথ্য গোপন রাখা, অথবা সেবা না নিলে দুর্বলতা প্রকাশের হুমকি দেওয়া সাইবারস্টেশনের নীতিবিরুদ্ধ এবং তারা একে গ্রহণযোগ্যও মনে করে না। কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেলে রেসপনসিবল ডিসক্লোজার নীতি অনুসারে তাদের অবহিত করা হতে পারে। 

অন্য একটি প্রকল্প-সংক্রান্ত মামলা এবং একজন সাবেক বিনিয়োগকারীর প্রসঙ্গ এই প্রতিবেদনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে প্রতিবাদলিপিতে দাবি করা হয়েছে। সাইবার নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই বলে সেখানে উল্লেখ করা হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর