বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ঘোষিত দলে চোট কাটিয়ে ফিরেছেন টনি ডি জর্জি, জুবায়ের হামজা ও পেসার আনরিখ নরকিয়া। তবে পুনর্বাসন প্রক্রিয়া চলমান থাকায় স্কোয়াডে জায়গা পাননি লুঙ্গি এনগিডি।
বাংলাদেশ সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড। তার মতে, হাইভেল্ড অঞ্চলের উইকেটে সাধারণত পেস ও বাউন্স বেশি থাকে। সে কারণে পেস বোলিং বিভাগে পর্যাপ্ত বিকল্প রাখার ওপর গুরুত্ব দিচ্ছে দল। তবে সম্প্রতি ওয়ান্ডারার্সের উইকেটে স্পিনাররাও সহায়তা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই দল সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল। সেবার দুই ম্যাচের সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়েছিল স্বাগতিকরা। এবারও নিজেদের মাঠে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাইবে প্রোটিয়ারা।
