কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে (সিএইচওজিএম) মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহামাদ বিন হাজি হাসানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মো. হুমায়ুন কবির। স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার সেন্ট জনসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ক্রমবিকাশমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে গভীর সন্তোষ প্রকাশ করেন। এ বছরের জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক মালয়েশিয়া সফরের কথা স্মরণ করে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে খুব শিগ্গিরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করবেন।
বৈঠকে শ্রমবাজার, দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত ও জোরদার করার বিষয়ে জোর দেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত চূড়ান্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রবাসী শ্রমিকদের প্রসঙ্গ তুলে ধরে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করতে যৌথ পরিদর্শন ও অভিবাসনব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন দুই নেতা।
এ ছাড়া আসিয়ানের (আশিয়ান) ‘সেক্টোরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যাশা এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
