ফিনিশ লাইনের ২ মাইল আগে থেমে গেল র‍্যাচেলের জীবন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ এএম

নিউইয়র্ক সিটি ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু হয়েছে সাবেক কলেজ অ্যাথলেট র‍্যাচেল অ্যাপার। দাদার স্মরণে এবং পারকিনসন্স রোগের গবেষণায় অর্থ সংগ্রহের উদ্দেশ্যে জীবনের প্রথম ম্যারাথনে নেমেছিলেন তিনি। কিন্তু ফিনিশ লাইনের মাত্র দুই মাইল আগে আকস্মিকভাবে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই তরুণী।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি ম্যারাথনে অংশ নিয়ে আর ফিনিশ লাইন ছোঁয়া হলো না ২৪ বছর বয়সী র‍্যাচেল অ্যাপার। দৌড় শেষ হওয়ার মাত্র দুই মাইল আগে সেন্ট্রাল পার্কের কাছে হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুবরণ করেন সাবেক এই কলেজ অ্যাথলেট।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ম্যারাথনের শেষ পর্যায়ে পৌঁছে হঠাৎ রাস্তায় লুটিয়ে পড়েন র‍্যাচেল। সে সময় রেস দেখতে আসা মিশেলা নিকোলাস নামের এক হাসপাতাল সোশ্যাল ওয়ার্কার তার সাহায্যে এগিয়ে আসেন।

মিশেলা জানান, র‍্যাচেলের কাছে গিয়ে তিনি তার কোনো স্পন্দন অনুভব করতে পারেননি। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত সহায়তা চান তিনি। এ সময় দর্শকদের মধ্য থেকে দুজন চিকিৎসক এগিয়ে এসে অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগ পর্যন্ত পালাক্রমে র‍্যাচেলকে সিপিআর দিতে থাকেন।

পরে ম্যারাথনের মেডিকেল টিম ডিফিব্রিলেটর নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুত তাকে মাউন্ট সিনাই মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা টানা প্রায় ছয় ঘণ্টা জীবন বাঁচানোর চেষ্টা চালান। তবে শেষ পর্যন্ত স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

র‍্যাচেলের বাবা স্টিভ অ্যাপা দ্য নিউইয়র্ক টাইমসকে জানান, চিকিৎসকদের ধারণা, র‍্যাচেলের মৃত্যুর কারণ র‍্যাবডোমায়োলাইসিস। এটি এমন একটি গুরুতর শারীরিক অবস্থা, যেখানে মাংসপেশির কোষ দ্রুত ভেঙে গিয়ে এর উপাদান রক্তপ্রবাহে ছড়িয়ে পড়ে। এতে কিডনিসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

মেয়ের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা স্টিভ অ্যাপা। তিনি বলেন, ‘এটি ভাবাই যায় না। মাত্র ২৪ বছর বয়স, সম্পূর্ণ সুস্থ শরীর এবং নিখুঁত ফিটনেস ছিল ওর।’

পেনসিলভানিয়ার বাসিন্দা র‍্যাচেল বাকনেল ইউনিভার্সিটির সাবেক ডিভিশন-১ ফিল্ড হকি খেলোয়াড় ছিলেন। খেলাধুলায় অভ্যস্ত এবং শারীরিকভাবে ফিট এই তরুণীর জন্য এবারের নিউইয়র্ক সিটি ম্যারাথন ছিল জীবনের প্রথম ম্যারাথন।

২০২২ সালে পারকিনসন্স রোগে মারা যাওয়া প্রিয় দাদার স্মৃতিকে ধরে রাখতে এবং এ রোগের গবেষণায় অর্থ সংগ্রহের লক্ষ্যেই ম্যারাথনে অংশ নিয়েছিলেন তিনি। প্রিয়জনের স্মরণে নেওয়া সেই উদ্যোগই শেষ পর্যন্ত হয়ে উঠল পরিবারের জন্য এক বেদনাবিধুর স্মৃতি।

মৃত্যুর আগে ম্যারাথনের ২৪তম মাইলে পৌঁছে বাবাকে শেষবারের মতো একটি টেক্সট বার্তা পাঠিয়েছিলেন র‍্যাচেল। সেখানে লেখা ছিল, ‘ফাইনাল স্ট্রেচ’ অর্থাৎ শেষ পর্যায়। বার্তাটি পাঠানোর সময় হয়তো তার লক্ষ্য ছিল বাকি পথটুকু পেরিয়ে ফিনিশ লাইনে পৌঁছানো। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। র‍্যাচেলের এই আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে ম্যারাথনের আয়োজক সংস্থা নিউইয়র্ক রোড রানার্স।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন