সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে আইডি কার্ড দৃশ্যমান রাখার নির্দেশ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ১১:০৪ এএম

সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সচিবালয়ে স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সভায় অংশ নিতে আসা ব্যক্তি এবং ওটিপির (ওয়ান টাইম পাসওয়ার্ড) মাধ্যমে প্রতিদিন অনেক দর্শনার্থী প্রবেশ করেন। ফলে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দৃশ্যমান স্থানে প্রদর্শন করা জরুরি।

এতে আরও বলা হয়, বর্তমানে প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করছেন। এ অবস্থায় সচিবালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। তাই সচিবালয়ে প্রবেশ থেকে শুরু করে অবস্থানকাল পর্যন্ত সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলকভাবে আইডি কার্ড দৃশ্যমান রাখতে হবে।

এ বিষয়ে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে আরও কিছু নির্দেশনা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ওই নির্দেশনায় বলা হয়, সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের কার্যক্রম সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ ও তদারকির জন্য প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

নির্দেশনা অনুযায়ী, সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধের দিনগুলোতে সচিবালয়ের বাইরের দপ্তরের সঙ্গে সভার সংখ্যা যথাসম্ভব সীমিত রাখতে বলা হয়। এ ছাড়া দর্শনার্থীদের প্রবেশের সময় দুপুর ১২টার পরিবর্তে ২টা নির্ধারণ করায় সে অনুযায়ী ওটিপি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়া এবং ছুটিতে থাকা কর্মকর্তাদের ছুটিকালীন সময়ে তাদের নামে ওটিপি প্রদান বন্ধ রাখার কথাও বলা হয়। সূত্র: বাসস

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন