মার্শাল আর্ট কনফেডারেশনের সেক্রেটারি মতলব উত্তরের মাহফুজ হাসান

নিউজ ডেস্ক
প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ এএম

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মতলব উত্তরের সন্তান কৃতী ক্রীড়াবিদ ও সংগঠক মাহফুজ হাসান। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেন।

মাহফুজ হাসান উপজেলার লুধুয়া গ্রামের সন্তান তোফাজ্জল হোসেনের ছেলে ও ড. জালাল উদ্দিন এমপির ভাতিজা। দেশের মার্শাল আর্ট অঙ্গনের গুরুত্বপূর্ণ এই সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে মাহফুজ হাসানের অন্তর্ভুক্তির খবরে মতলবের ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এক আদেশে ২৫ সদস্যবিশিষ্ট নতুন এই অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা আদেশ অনুযায়ী, ঘোষণার তারিখ থেকেই কমিটির কার্যক্রম কার্যকর হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় পূর্ববর্তী অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অর্পিত ক্ষমতাবলে নতুন কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির সাধারণ সম্পাদক মাহফুজ হাসান জাতীয় পর্যায়ে স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড়। খেলোয়াড়ি জীবনের পাশাপাশি বিচারক ও ক্রীড়া সংগঠক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। মার্শাল আর্টের বিকাশ, সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং জাতীয় পর্যায়ে খেলাধুলার সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর এই নতুন দায়িত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

কমিটির চারজন সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, মল্লিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল হালিম এবং ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারিকুল আলম। এ ছাড়া বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়া সংগঠক মো. শহীদুল ইসলাম এবং ক্রীড়া সংগঠক শাহেদ ওয়াহেদ আলী সহসভাপতির দায়িত্ব পেয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটিকে দায়িত্ব গ্রহণের পরবর্তী তিন মাসের মধ্যে গঠনতন্ত্র অনুসরণ করে নির্বাচন সম্পন্ন করতে হবে। এরপর নির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

মার্শাল আর্টের জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ সংগঠনের সাধারণ সম্পাদক পদে মাহফুজ হাসানের দায়িত্বপ্রাপ্তি মতলবের ক্রীড়াঙ্গনের জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন