সুদীর্ঘ ২৩ বছরের সম্পর্কের ইতি। পর্তুগালের জার্সিতে আর দেখা যাবে না ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সিআর সেভেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল ও ম্যাচ খেলার অবিস্মরণীয় কীর্তি গড়েই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই কিংবদন্তি।
পর্তুগালের অধিনায়ক নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্ট করে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার আগে দেশের জার্সিতে একের পর এক নজির গড়েছেন তিনি। ইউরো জয় থেকে নেশনস লিগের ট্রফি – পর্তুগিজ ফুটবলের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেছেন সিআর সেভেন। বিদায়ী বার্তায় সিআর সেভেন বলেন, ‘পর্তুগালের মানুষকে জানাতে চাই, জাতীয় দলের সাত নম্বর জার্সি তুলে রাখার সময় এসে গেছে। ২৩ বছর ধরে এই জার্সি পরার সৌভাগ্য হয়েছে আমার।’
নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর আর পর্তুগালের জার্সিতে দেখা যাবে না তাকে। ৪১ বছর বয়সি তারকা বিদায় নিচ্ছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা এবং সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হিসেবে। দেশের হয়ে ২৩৪টি ম্যাচে তার গোলসংখ্যা ১৪৬। ২০১৬ সালে ফ্রান্সকে হারিয়ে ইউরো কাপ জিতেছিল পর্তুগাল। সেই দলে ছিলেন সিআর সেভেন। ২০১৮-১৯ এবং ২০২৪-২৫ মৌসুমে উয়েফা নেশনস লিগও জিতেছে পর্তুগাল। গত দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের সাফল্যের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থেকেছেন তিনি।
তবে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ পর্বটা খুব মসৃণ ছিল না। গত অক্টোবরে জাতীয় দলের কোচ জর্জে জেসুসের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েছিলেন রোনালদো। কোচের সঙ্গে ঝামেলায় হঠাৎ পর্তুগাল শিবির ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো। নরওয়ের বিপক্ষে নেশনস লিগের শেষ ম্যাচে পর্তুগাল কোচ মাঠে নামাননি রোনালদোকে। মাঠে নামানোর জন্য ওয়ার্মআপ করানোর পরও তাকে মাঠে নামানো হয়নি। ডেনমার্কের বিরুদ্ধেও তাকে রিজার্ভ বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর তিনি শিবির ছেড়ে বেরিয়ে যান। যা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে যায় ফুটবলবিশ্বে।
এরপর পর্তুগালের ফুটবল সংস্থা তাকে ৩০ দিনের জন্য নির্বাসিত করে। সেই শাস্তি মেনে নিয়েছিলেন রোনালদো। সতীর্থ এবং সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি। জেসুস অবশ্য দু’জনের মধ্যে কোনও সংঘাতের কথা অস্বীকার করেছিলেন। দল নির্বাচন যে সম্পূর্ণ তার দায়িত্ব, সেটাও স্পষ্ট করে দেন পর্তুগাল কোচ। রোনালদোর শিবির ছাড়ার ঘটনায় তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটল অবসরের ঘোষণায়।
পর্তুগালের হয়ে রোনালদোর অভিষেক হয়েছিল ২০০৩ সালের আগস্টে। প্রতিপক্ষ ছিল কাজাখস্তানের। তার পর থেকে ২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে একের পর এক রেকর্ড গড়েছেন তিনি।
