কৃষকের খরচ কমাতে সেচব্যবস্থা সৌরবিদ্যুতের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহামুদ টুকু। তিনি বলেছেন, সোলারের মাধ্যমে সেচব্যবস্থা নিশ্চিতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ সুশাসন স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ সভায় তিনি এ কথা বলেন।
সরকার বিদ্যুতের জন্য ভর্তুকি দিচ্ছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী বলেছেন, আগামী মৌসুমে কৃষকদের ফসল উৎপাদনে পানির সংকট না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। বিদ্যুৎ সোলার দিয়ে এখন সেচব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরও বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গ্যাস ফিল্ডগুলো খনন শুরু করছে। এ গ্যাস উত্তোলনের মাধ্যমে সুষমভাবে বিতরণ করা হবে। বিতরণের আওতায় নাটোরও রয়েছে। শিল্পক্ষেত্রের জন্যও দেওয়া হবে গ্যাস।
সভায় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিংড়া-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীনসহ সরকারি কর্মকর্তারা।
