প্রায় ৬ কিলোমিটার পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে অংশ নিয়ে রাজধানীর রাজপথে প্রায় ছয় কিলোমিটার পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকারের সর্বোচ্চ নির্বাহী পদে থেকেও প্রটোকল ও আনুষ্ঠানিকতার বলয় ভেঙে হাজারো নেতাকর্মীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তার এই পদযাত্রা র‌্যালি নয়া পল্টন থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে প্রায় এক ঘণ্টার পথ পাড়ি দিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছান তিনি।

র‌্যালি চলাকালে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন হাজারো মানুষ। আশপাশের উঁচু ভবনের জানালা ও ছাদ থেকেও নারী, পুরুষ ও শিশুদের হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

পুরো পথ স্বাভাবিক গতিতে নেতাকর্মীদের সঙ্গে হেঁটে অতিক্রম করেন তারেক রহমান। 

র‌্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, প্রধান বিচারপতির বাসভবনসংলগ্ন সড়ক, রমনা পার্ক সড়ক, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, ফার্মগেট ও ইন্দিরা রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে র‌্যালিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী-সমর্থক। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন