বাটলারের অনুপস্থিতিতে নতুন কোচ নিয়োগ বাংলাদেশের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম

প্রধান কোচ পিটার বাটলার ক্যানসার আক্রান্ত। এবার তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তার পরিবর্তে এরিক মেয়ারকে অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এক মাসের জন্য ফরাসি এই কোচ বাংলাদেশের দায়িত্বে থাকবেন।

সিঙ্গাপুরের বিপক্ষে আগামী ডিসেম্বরে আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি উপলক্ষে এই এক মাসের জন্য মেয়ার বাংলাদেশের কোচের দায়িত্বে থাকবন। আজ বাফুফে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ফরাসি কোচকে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। মেয়ার উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ।

একই সঙ্গে নিয়মিত প্রধান কোচ পিটার বাটলারের সুস্থতাও কামনা করেছে বাফুফে। বাফুফের আশা, শিগগিরই তিনি সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

গত ২৯ অক্টোবর গুরুতর অসুস্থতা নিয়ে ইংল্যান্ডে যান বাটলার। এরপর জানা যায় তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এদিকে ৩০ অক্টোবর থেকে চট্টগ্রাম কোরিয়ান ইপিজেডে আবুল হাসান ও লিনা চাকমার অধীনে আফঈদা খন্দকাররা অনুশীলন করছেন। এত দিন বাটলার ফোনে তাঁদের নির্দেশনা দিয়েছেন। তবে বাফুফে এবার নতুন ফরাসি কোচ নিয়োগ দিল।

বাটলারের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর চুক্তি আগামী ডিসেম্বর পর্যন্ত। গত দেড় বছরে দলের পারফরম্যান্স নিম্নমুখী। বাটলারের সঙ্গে ডিসেম্বরে চুক্তি বাফুফে নবায়ন করবে কি না, সেটা সময়ই বলে দেবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন